(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনও দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় হামলা রুশ বাহিনী পরিচালনা করেনি।
সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভ সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রুশ বাহিনী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে দাবি করেছে, সোমবারের হামলা ছিল ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন। রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছে বলেও জানিয়েছে ডিটেক।
এমন এক সময়ে ইউক্রেনে এই হামলা চালাল রুশ বাহিনী, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে আছে।
সূত্র : এএফপি