(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজনৈতিক দলগুলোর সক্রিয় সদিচ্ছা ছাড়া নারীর সুরক্ষা ও অধিকার আদায় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জাইমা রহমান বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে ছাত্ররাজনীতি থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক নেতৃত্বের পাইপলাইন তৈরি ও তা ধরে রাখতে হবে। তা না হলে যোগ্য নারী নেতৃত্বকে এগিয়ে আনার সুযোগ তৈরি হবে না।
তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্বের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। নারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ও সংযোগের অভাব রয়েছে, যেখানে পুরুষদের জন্য তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা থাকে। এই বৈষম্য দূর করতে হবে।
রাজনীতিতে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি তুলে ধরে জাইমা রহমান বলেন, অর্থনৈতিক বৈষম্য নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বড় বাধা। নারী নেত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া গেলে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে।
তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নধর্মী ও উন্নত দেশ গড়তে হলে চিন্তায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।