(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঋণখেলাপি হওয়ার অভিযোগে আগে হারালেন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা। সেই ক্ষত না শুকাতেই এবার দলীয় সব পদ থেকেও হলেন বহিষ্কার। অর্থাৎ, ‘আম-ছালা সবই খোয়ালেন’ কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম মুন্সী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্যেষ্ঠ এই রাজনীতিককে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপির হাইকমান্ড। তার বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।
যে কাণ্ডে পদ হারালেন মুন্সী
নিজের প্রার্থিতা হারিয়ে কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেবীদ্বারে আয়োজিত জসিমের একটি উঠান বৈঠকে অংশও নেন তিনি।
ওই বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’
তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে মুন্সীর এই বক্তব্য নিয়ে খবরও প্রকাশ হয়। নানা মহলে শুরু হয় কানাঘুষা, সমালোচনা। বিতর্ক ওঠে তুঙ্গে।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে দলের একজন সিনিয়র নেতার এমন বক্তব্য যে জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিএনপিকে যে চরম অস্বস্তিতে ফেলে দেবে- এমন আলোচনাই চলছিল হাটে-বাজারে ও চায়ের আড্ডায়। সামাজিক মাধ্যমেও চালাচালি হচ্ছিল নানা কটূকথা।
তবে খুব বেশি দেরি না করে পদক্ষেপ নিল বিএনপি। ছেঁটে ফেলল নানা বিতর্ক সৃষ্টি করে দলকে অস্বস্তিতে ফেলা মঞ্জুরুল আহসান মুন্সীকে।
এর আগে কুমিল্লা-৪ আসনে নিজের প্রার্থিতা হারান বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা। দল থেকে তাকেই এবার মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। কিন্তু ঋণখেলাপির অভিযোগে একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে মুন্সীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা ফিরে পেতে অবশ্য হাইকোর্টের দারস্থ হয়েছিলেন চারবারের সাবেক এই সংসদ সদস্য। রিট করেছিলেন সেখানে। কিন্তু সুফল মেলেনি। শেষ চেষ্টা হিসেবে উচ্চ আদালতে লিভ টু আপিলও করেছিলেন। গত ১ ফেব্রুয়ারি তার সেই আপিল খারিজ হয়ে যায়।
ফলে ঋণখেলাপির দায়ে প্রথমে প্রার্থিতা হারানো, এবার বেঁফাস মন্তব্যের জেরে দলীয় পদ থেকে বহিষ্কার- ভোটের আগমুহূর্তে এ দুটি বড় ধাক্কা মঞ্জুরুল আহসান মুন্সী এবং তার কর্মী-সমর্থকদের মনে গভীর বেদনায় ডুবিয়ে দিল বলেই মত সংশ্লিষ্টদের। -ডেস্ক রিপোর্ট