প্রিন্ট এর তারিখ : ০৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, আব্দুস সালাম, হেড অব নিউজ ||
সারাদেশে কৃষি বিপ্লব ও সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। এই বিশাল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।রবিবার (৮ মার্চ) দুপুরে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রস্তাবিত খাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।পরিদর্শনকালে মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজনের কথা মাথায় রেখেই সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা চিরতরে দূর হবে। পাশাপাশি খালের পানি সেচ কাজের উপযোগী করে কৃষিজমিতে পৌঁছে দেওয়া সম্ভব হলে এ এলাকায় কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে, যার সরাসরি সুফল পাবেন স্থানীয় সাধারণ মানুষ।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তাল ও উৎসবমুখর হয়ে উঠেছে দিনাজপুর। সফরের প্রস্তুতি নিতে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম