প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
দিনাজপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ সম্পন্ন
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, আব্দুস সালাম, হেড অব নিউজ ||
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ২০২৬) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এই কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়।ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম ও প্রধান কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. ফাতেমা জহুরা।প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন-উপপরিচালক (জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঠাকুরগাঁও) ডাঃ অমল কুমার রায়। জেলা ট্রেনিং অফিসার (নীলফামারী) ডাঃ আবু সাঈদ। জেলা ভেটেরিনারি অফিসার (ঠাকুরগাঁও) ডাঃ মোঃ তাজুল ইসলাম। অপারেশন ম্যানেজার (ব্র্যাক লার্নিং সেন্টার, দিনাজপুর) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ব্র্যাক জেলা সমন্বয়কারী অমল কুমার দাম।ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রংপুর রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলীর সঞ্চালনায় এ কর্মসূচিতে ঠাকুরগাঁও, রাণীশংকৈল, পঞ্চগড় এবং দেবীগঞ্জ কেন্দ্রের মোট ১৪৩ জন দক্ষ কৃত্রিম প্রজনন কর্মী অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে ড. ফাতেমা জহুরা বলেন, গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশুর গুরুত্ব অপরিসীম। কৃত্রিম প্রজনন সেবাদাতাদের কারিগরি দক্ষতা যত বাড়বে, পশুর জাত উন্নয়ন ও দুগ্ধ উৎপাদন তত ত্বরান্বিত হবে। বক্তারা মাঠপর্যায়ে সেবার মান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ আবু সায়েম, জুয়েল রানা ও ডাঃ মোঃ ইমরান তালুকদার। দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মেধা যাচাইয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১০ জন কর্মীর হাতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে সভাপতি ডাঃ মোঃ হারুন-অর-রশিদ উপস্থিত সকলকে নিষ্ঠার সাথে খামারিদের সেবা প্রদানের আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম