প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
মুজিবনগরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, জন অমৃত মন্ডল ||
মেহেরপুরের মুজিবনগরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কৌশল” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল হুদা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদককে না বলতে হবে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শামিমুল কবীর এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান।কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুরের সহকারী পরিচালক জনাব রাশেল আহমেদ। তিনি তাঁর উপস্থাপনায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণ, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদক প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াইএফসি, মুজিবনগর, মেহেরপুর।কর্মশালায় প্রায় ২০০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া মাদক বিষয়ক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের পুরস্কার প্রদান করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক খাতা ও কলম বিতরণ করা হয়।বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম