প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
পদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিবেদক ||
পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের নাওডোবা এলাকা যেন বিশাল আতঙ্কের এক নাম। অপরদিকে, গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে এবং সড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করে গাছ ফেলা রাস্তা কিছু সময়ের মধ্যেই পরিচ্ছন্ন করেন বলে জানা যায়।রোববারের লকডাউনকেন্দ্রিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে টানা এক ঘণ্টা রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। গুলিতে নিহত একজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়, অপরজন মাদারীপুরের কুতুবপুর এলাকার। পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম অবস্থায় একজন নিহতের খবর পাওয়া গেলেও এখন এর সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। তবে এখনো আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ঘটনাস্থলে স্বজনকে খুঁজতে আসা পরিবারের মুখ থেকে শোনা গেছে।নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজাম মৃধা (৪৫)। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন, যাদের অবস্থাও ভালো নয় বলে জানা গেছে।সরেজমিনে জানা যায়, রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তার সঙ্গে বহু লোক ঘটনাস্থলে আসেন। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে কুতুবপুরের সাত্তার মাতুব্বর জানান। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে তাদের মুখ থেকে শোনা গেছে, তবে তাদের নাম বলতে পারেননি।এর আগে একই জায়গায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাই নামে আরেকজন নিহত হন। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসতে থাকেন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। হঠাৎ দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। - সূত্র : দৈনিক ইনকিলাব
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম