বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নির্বাচনে জামায়াতের ওপর আস্থা রাখতে বললেন হাসিনুর রহমান

প্রতিবেদক
admin
জানুয়ারি ২২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বীর প্রতীক খেতাব প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেছেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের মানুষ বারবার নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করেছে। ১৯৭১ সালেও আমরা রক্ত দিয়েছি। কিন্তু সেই যুদ্ধের পূর্ণ ফসল আমরা পাইনি। আওয়ামী লীগ সেই ফসল তুলে নিয়েছে। এমনকি যুদ্ধের রণাঙ্গনের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীকেও তার প্রাপ্য দেওয়া হয়নি। একইভাবে জুলাই গণআন্দোলনের অর্জনও হাতছাড়া করতে আমরা রাজি নই।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই সেনাকর্মকর্তা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভায় হাসিনুর রহমান এসব কথা বলেন।

হাসিনুর রহমান বলেন, এ কারণেই পুরোনো জঞ্জাল ও ব্যর্থ নেতৃত্বকে ছুড়ে ফেলে দিতে হবে। আমরা আমাদের দেশ আমাদের মতো করে গড়তে চাই। এই দেশ হবে আমজনতার দেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না। ধনী ও দরিদ্রের ব্যবধান কমিয়ে আনতে হবে।

অবসরপ্রাপ্ত এই সেনাকর্মকর্তা বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নে তিনি জামায়াতে ইসলামীর আমিরের ওপর আস্থা রাখেন। তিনি বলেন, অন্তত এই নেতৃত্ব চোর কিংবা বাটপার নয়। গত ৫৪ বছর ধরে আমরা চোর-বাটপারদের গল্প শুনেছি, আর শুনতে চাই না। একইভাবে ৭১-এর ট্যাগ দিয়ে রাজনীতি করাও আমরা আর মেনে নেব না।

হাসিনুর রহমান বলেন, আমরা নিজেরা কাজ করে খাই, নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চাই। অথচ যারা নিজেরা যুদ্ধ করেনি, যাদের সন্তানরাও যুদ্ধ করেনি—তারাই সবকিছু ভোগ করেছে। আমরা তা আর চাই না। যারা যুদ্ধ করেছে, যারা রক্ত দিয়েছে, তারাই দেশ পরিচালনা করবে—এই দাবি আজ সময়ের দাবি।

এখন সময় ঘুরে দাঁড়ানোর উল্লেখ করে হাসিনুর বলেন, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যা আছে, তা নিয়েই আমরা বাঁচবো। প্রয়োজনে একটু কম খাবো, কিন্তু আত্মনির্ভরশীল হবো। কোনোভাবেই ভারতের কাছে মাথা নত করবো না। আমরা সোজা হয়ে দাঁড়াবো—ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

আওয়ামী লীগের সময় যেভাবে আমাদের কণ্ঠরোধ করা হয়েছিল, সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না উল্লেখ করে হাসিনুর বলেন, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সৎ, সাহসী ও সম্মানিত ব্যক্তিকে দেবেন—যাতে ভোট নষ্ট না হয়।

হাসিনুর রহমান বলেন, আগামী দিন হবে জনগণের। লুটপাটকারী, দুর্নীতিবাজ ও বাটপারদের দিন শেষ হতে চলেছে। যে নেতা নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে না, সে কখনো জনগণের জন্য সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের এমন নেতৃত্ব দরকার, যারা জনগণের পাশে থাকবে এবং দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি