(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দিতে চান জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দলটির প্রার্থী ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুমতি চেয়ে আমাদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় দলটির আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে চান। আমরা পরবর্তী সিদ্ধান্তের জন্য কমিশনে ফাইল উপস্থাপন করেছি।’
সূত্র আরও জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভাষণ দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে কোনো তারিখ বা সময় উল্লেখ করেননি।
এর আগে ৩ ফেব্রুয়ারি বিটিভিকে দলীয় প্রধানদের ভাষণ প্রচার করতে চিঠি দেয় নির্বাচন কমিশন।
চিঠিতে জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনি প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছে।
এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।
বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে।
এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে।
তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায় বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন। -নিউজ ডেস্ক



















