স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ মোট ৩টি মামলায় কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















