(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারা দেশে একযোগে ২৯৯ আসনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে সকাল থেকে ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন।
ইসি জানায়, প্রথম বারের একসঙ্গে দুইভোট ও সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। এতে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে এবার অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন-দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন। বিএনপির নারী প্রার্থী ১০ জন। জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামপন্থী দলগুলোর কোনো নারী প্রার্থী নেই।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩২ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারবেন না। ফলে আগামীকাল ভোট দিতে পারবেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকছেন ৩৯২ জন। দেশি পর্যবেক্ষক থাকতে পারেন ৪৪ হাজার ৯৯৫ জন। প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, তাদের মধ্যে বিদেশি সাংবাদিক প্রায় ১৫৬ জন।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন। এ ছাড়া প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ২৮০ সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমানবাহিনীর সাড়ে তিন হাজার, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ডের তিন হাজার ৫৮৫, পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাবের ৯ হাজার ৩৪৯, আনসারের পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং বিএনসিসির এক হাজার ৯২২ সদস্য রয়েছেন। পাশাপাশি দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজার ১০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ বিচারিক ম্যাজিস্ট্রেট।
২৯৯টি আসনের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী রয়েছেন ২৯০ জন। বাকি নয়টি আসনে জোটের প্রার্থীরা নিজস্ব প্রতীকে লড়ছেন। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে ২২৮টি আসনে। সাতটি আসনে প্রতীক প্রত্যাহারের আবেদন করলেও সময়সীমা পেরিয়ে যাওয়ায় তা বহাল থাকে।
এদিকে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে সারা দেশে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করা হবে। কেন্দ্রের প্রাথমিক ফল রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে কমিশনে পাঠানো হবে। অধিকাংশ আসনের ফল মধ্যরাতের মধ্যেই পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। -নিউজ ডেস্ক



















