ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানো ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তৃণমূলের জনপ্রতিনিধিদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করা সম্ভব নয়। জনপ্রতিনিধিদের কল্যাণে একটি ট্রাস্ট ও তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[TECHTARANGA-POST:595]বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয়, যখন তার স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করা সম্ভব।তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে এই ব্যবস্থাকে প্রকৃত অর্থেই শক্তিশালী ও কার্যকর করার।মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি। তারা এলাকার মানুষের সমস্যা, চাহিদা এবং সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে জানেন। তাই জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে এসেছে এবং গণতন্ত্র পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। এখন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নকে টেকসই করতে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা দীর্ঘদিন ধরে বাস্তবতার তুলনায় অনেক কম রয়েছে। তারা মাঠপর্যায়ে জনগণের নানা ধরনের সমস্যার সমাধানে কাজ করেন। তাদের দায়িত্ব ও কাজের পরিধি বিবেচনায় ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে একটি ট্রাস্ট ও কল্যাণ তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ ভবিষ্যতের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যক্ষ ভোটেই চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।তিনি সংগঠনের নেতাদের উদ্দেশে বলেন, সব বিভাগ ও জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, বরং দেশের স্বার্থে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমেই সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমেও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি গণতন্ত্রের ভিত্তিও আরও সুসংহত হবে।

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানো ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর