দিনাজপুর টোয়েন্টিফোর

উৎসবমুখর রমনা বটমূল, গানে-আবৃত্তিতে নতুন বছরকে বরণ

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা উদ্যানের বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। বেলা যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ছয়টার দিকে যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ ১৪৩৩ এর অনুষ্ঠান। শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করছেন, পাশাপাশি আবৃত্তি করা হচ্ছে দ্রোহের কবিতা।অনুষ্ঠান উপভোগ করতে ছোট্ট শিশুরাও এসেছে রমনায়। উৎসবমুখর পরিবেশে সবাই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন।রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। আরো রয়েছে লোকগান। আজকের আয়োজনে মোট ২২টি গান থাকছে।এর মধ্যে ৮টি সম্মেলক গান, একক কণ্ঠের গান ১৪টি। পাঠ থাকছে দুটি। ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।১৯৬৭ সালে প্রথম রমনার বটমূলে পয়লা বৈশাখের সূর্যোদয়ের সময় সংগীতানুষ্ঠানের আয়োজন করে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট। সেই থেকে প্রায় প্রতি বছরই সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০০১ সালে এই গানের অনুষ্ঠানে জঙ্গিরা ভয়াবহ বোমা হামলা করে। এতেও অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়েনি। ছায়ানটের পাশাপাশি বর্ষবরণে থাকছে চারুকলার বৈশাখী শোভাযাত্রা।[TECHTARANGA-POST:316]পয়লা বৈশাখকে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারো নগরবাসী ভিড় করছে রমনা উদ্যানে। সকালে তুলনামূলকভাবে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।নববর্ষ উৎসবকে নির্বিঘ্ন করতে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কড়া নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রতিটি পয়েন্টে ছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক উপস্থিতি। সকালে রমনা বটমূলের অনুষ্ঠানস্থলে আগতদের আসতে হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি পার হয়ে।বিশেষ করে রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মৎস্য ভবনসহ আশপাশের প্রতিটি মোড়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

উৎসবমুখর রমনা বটমূল, গানে-আবৃত্তিতে নতুন বছরকে বরণ