ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, এপ্রিলেই পরিবর্তনের লক্ষ্য
রাজধানী ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ মেগা পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী এপ্রিলের মধ্যেই এই পরিকল্পনার আলোকে দৃশ্যমান পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর নির্দেশনা দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ১২০টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দেশীয় পদ্ধতিতে অটোমেশনের আওতায় আনা হবে। যানজট কমাতে ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে এবং এসব টার্মিনাল শুধু ‘সিটি সার্ভিসের’ জন্য ব্যবহার করা হবে। এছাড়া শহরের ভেতর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং রাস্তার মাঝখানের বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার সিটি বাসগুলোকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হচ্ছে। রেল ক্রসিংগুলোতে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি চালু হচ্ছে অটো সিগন্যাল লাইটিং। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল সংলগ্ন ব্রিজগুলোতে দেশীয় প্রযুক্তির লিফট স্থাপন করা হবে। এছাড়া শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:229] ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা আশা প্রকাশ করেছেন যে, আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং এর ফলে এপ্রিলের শেষ নাগাদ নগরবাসী যানজট থেকে বড় ধরনের স্বস্তি পাবেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।