দিনাজপুর টোয়েন্টিফোর

দিনাজপুরের বিরলের চকেরহাটে জমে উঠেছে কোরবানির পশুর বাজার

কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলার চকেরহাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বাজার। গতকাল সকাল থেকেই হাটজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি। গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের কোরবানির পশু নিয়ে দূর-দূরান্ত থেকে হাটে আসেন খামারি ও ব্যবসায়ীরা।হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের গরু নিয়ে বিক্রেতারা সকাল থেকেই অবস্থান নিয়েছেন। কোথাও চলছে দরদাম, কোথাও আবার ক্রেতারা পছন্দের পশু খুঁজে দেখছেন। কোরবানির ঈদকে ঘিরে পুরো হাট এলাকায় দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।হাটে আসা বিক্রেতা মোঃ আলাউদ্দিন জানান, তিনি একটি মোটা-তাজা গরু বিক্রির জন্য হাটে এনেছেন। গরুটি লালন-পালনে অনেক খরচ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে বর্তমান বাজারে আশানুরূপ দাম পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।তিনি বলেন, “অনেক যত্ন করে গরুটি পালন করেছি। কিন্তু এখন পর্যন্ত গরুটির যে দাম হওয়ার কথা, সেই দাম কেউ বলছে না।”অন্যদিকে হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, এবারের বাজারে গরু ও মহিষের দাম তুলনামূলক কিছুটা বেশি মনে হচ্ছে। তবে কোরবানির ঈদে এখনও কিছুদিন সময় থাকায় অনেকেই এখন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।[TECHTARANGA-POST:450]একজন ক্রেতা বলেন, “এখন হাট ঘুরে দেখছি। পছন্দমতো পশু এবং সাধ্যের মধ্যে দাম পেলে পরে এসে কিনবো ইনশাল্লাহ।”স্থানীয়দের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে ততই হাটে পশুর আমদানি ও ক্রেতাদের ভিড় আরও বাড়বে। প্রতিবছরের মতো এবারও দিনাজপুরের বিরলের চকেরহাটকে কেন্দ্র করে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দিনাজপুরের বিরলের চকেরহাটে জমে উঠেছে কোরবানির পশুর বাজার