দিনাজপুরে লোকায়ন জাদুঘর ও কান্তজিউ মন্দির ঘুরে দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
গ্রামবাংলার হারিয়ে যাওয়া রূপ আর ঐতিহ্যের টানে উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁও ও দিনাজপুর ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর’ ও দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। [TECHTARANGA-POST:714]আধুনিক যন্ত্রনির্ভর জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া উত্তরবঙ্গের লোকসংস্কৃতি ও বহু বছরের পুরোনো গ্রামীণ জীবনযাত্রা প্রত্যক্ষ করে অনুভূতি প্রকাশ করেন এ কূটনৈতিক। এ ছাড়া এদিন তিনি নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। সকালে স্ত্রী ডিয়ান ডাও এবং একটি প্রতিনিধিদল নিয়ে লোকায়ন জাদুঘরে পৌঁছান রাষ্ট্রদূত। সেখানে তাদের স্বাগত জানান স্থানীয় প্রশাসন ও আয়োজকরা। এ সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, লোকায়ন জাদুঘরের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদ উজ জামান। স্থানীয় ইতিহাসবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে আঞ্চলিক সংস্কৃতি, অবলুপ্ত পেশা ও গ্রামবাংলার পুরোনো জীবনযাত্রার নানা গল্প আগ্রহ নিয়ে শোনেন মার্কিন রাষ্ট্রদূত। জাদুঘর প্রাঙ্গণ ঘুরে দেখার একপর্যায়ে প্রদর্শনীতে রাখা ঐতিহ্যবাহী একটি গরুর গাড়ির দিকে এগিয়ে যান ক্রিস্টেনসেন। এক যুগেরও বেশি সময় আগে পলি অঞ্চলের মেঠোপথ কাঁপানো এই ঐতিহ্য এখন কেবলই স্মৃতি, যা ছুঁয়ে দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা। [TECHTARANGA-POST:712]পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সভ্যতার দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে নিজেদের অতীত ও শিকড়কে ধরে রাখার এমন প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার এ উদ্যোগ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এরপর মার্কিন রাষ্ট্রদূত যান দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে। সেখানে পৌঁছালে তাকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও আরতিতে অংশ নেন। রাষ্ট্রদূত টেরাকোটা শিল্পসমৃদ্ধ মন্দিরটি ঘুরে দেখেন এবং এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে মাঠে ক্রিসমাস নামের একটি গাছ রোপণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ, দেবোত্তর কমিটির সদস্য ডা. ডিসি রায় প্রমুখ। এরপর ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন ক্রিস্টেনসেন। সেখানে অন্যদের পাশাপাশি দিনাজপুর-১ আসনের সংসদ-সদস্য মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন বিকালে মার্কিন রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ ও পার্বতীপুর ব্যাকশপ পরিদর্শন করেন। পরে তিনি বলেন, আমি আজই বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করেছি। এটি একটি চমৎকার সফর ছিল। নিজের সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানোর প্রক্রিয়াকে আরও সহজ করতে সাহায্য করবে। এ সময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।